সেশনজট নিরসন, ত্রুটিপূর্ণ ফল সংশোধন এবং ফল প্রকাশের দীর্ঘসূত্রতা দূর করাসহ পাঁচ দফা মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেন।
দীর্ঘ ২ ঘণ্টা অবরোধের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রব্বানী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা ভিসি স্যারের সঙ্গে আলোচনা করেছি। আগামী ২৮ তারিখ এ দাবি নিয়ে সিন্ডিকেট সভায় আলোচনা করা হবে। সেখানে সাত কলেজের প্রতিনিধিও রাখা হবে।”
ঢাবি প্রক্টর আরও বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি- পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান, ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একটি বর্ষের সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
গোলাম রব্বানী বলেন, অনার্স ও মাস্টার্সের সকল বর্ষের ফলাফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনর্মূল্যায়ন করা হবে।
সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাবি প্রক্টর বলেন, সেশনজট নিরসনের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এ কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজ। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থীকে পরিচালনার দায়িত্বভার পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর।
