মদের আসরে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০৫:৩৯ পিএম

সাভারে মদ খেয়ে মাতলামির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে নাইম হাসান নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাইমের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে সাভার দক্ষিণ রাজাশন এলাকার সার্ড স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত নাইম দক্ষিণ রাজাশন এলাকার মনির হোসেনের ছেলে। তিনি এবার সাভার ট্রাস্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে দক্ষিণ রাজাশন এলাকায় মদ খাওয়াকে কেন্দ্র করে শাকিল ও মিলন পক্ষে বাগবিতণ্ডা হয়। মাতাল অবস্থায় দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়লে ছুরিকাঘাতে নাইম হাসান গুরুতর আহত হয়।

তারা জানান, নাইমকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাইম। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হৃদয় নামে আরো একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হত্যার ঘটনায় নিহতের বাবা মনির হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, মদ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নাইমের মৃত্যু হয়। এ  ঘটনায় নাইমের বাবা লিখিত অভিযোগ দিলে মিলন (২০), শাকিল (২২) ও হৃদয়সহ (২১) চারজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত