ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে ৩০ এপ্রিল শাহবাগে ঐক্যফ্রন্টের গণজমায়েত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০৮:৩১ পিএম

আগামী ৩০ এপ্রিল ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং তা বন্ধের দাবিতে শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার সন্ধ্যায় মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কর্মসূচির কথা জানানো হয়।  

ড. কামাল হোসেন বলেন, দেশে নারী ও শিশু ধর্ষণ মহামারি আকারে ধারণ করেছে। একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, আইন প্রয়োগকারী সংস্থা আইন ভঙ্গকারীদের ব্যাপারে নিষ্ক্রিয়। তবে মানবাধিকার নিয়ে যারা কাজ করে তাদের বিরুদ্ধে সক্রিয়। দেশের মানুষের অধিকার রক্ষায়, আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি ভিত্তি সবাইকে ঐক্যবদ্ধভাবে একটা উদ্যোগ নিতে হবে।

জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আ স ম আব্দুর রব জানান, আগামী ৩০ এপ্রিল ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা বন্ধের দাবিতে শাহবাগে জমায়েত হবে ঐক্যফ্রন্টের নেতা কর্মীরা। এই কর্মসূচিতে দেশবাসীকেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। 

তিনি দাবি করে বলেন, সরকার খালেদা জিয়াকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাকেসহ জাতীয় ঐক্যফ্রন্টের যেসব নেতা কারাগারে রয়েছে তাদের মুক্তি দিতে হবে।

রব বলেন, পুলিশ যদি নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করত তাহলে হায়নাদের মতো শিশু ও নারীদের উপর অত্যাচার হতো না।

তিনি বলেন, ভবিষ্যতে নোয়াখালী ও রাজশাহীসহ বিভিন্ন জেলা শহরে 'ভোট ডাকাতির' ওপর গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট। পরে এর তারিখ ঘোষণা করা হবে। একই সঙ্গে রমজানে  ইফতার মাহফিল ও সুধী সমাবেশও করা হবে। 

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সার, ডা. জাহিদুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত