ঢাকা মহানহগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘বিশ্বে মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ; যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ হয় হাতের ইশারায়। তাই এখানে যানজট নিয়ন্ত্রণ করা খুবই কঠিন’।
তিনি বুধবার রাজারবাগ শহীদ শিরু মিয়া মিলনায়তনে সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ ট্রাফিক সার্জেন্টদের উদ্দেশে এসব বলেন।
তিনি আরো বলেন, আপনারা ‘আইন প্রয়োগে কঠোর ও ব্যবহারে বিনয়ী হবেন। সব সময় মনে রাখতে হবে আপনি আমি জনগণের সেবক। জনগণকে সেবা দেওয়াই আমাদের কাজ। অনুরাগ, বিরাগ ও আবেগের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। কেউ ট্রাফিক আইন ভঙ্গ করলে আইনানুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু কোনো অবস্থায় গালমন্দ, খারাপ আচরণ ও দুর্ব্যবহার করবেন না’।
কমিশনার বলেন, ডিএমপি’র সুনাম ও ভাবমূর্তি বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ না। দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরা সচল রাখুন। দায়িত্ব পালনে কেউ আপনার ওপর চড়াও হলে শান্ত থেকে দায়িত্ব পালন করুন এবং ঘটনাটি বডিওর্ন ক্যামেরা দ্বারা রেকর্ড করুন। আইন প্রয়োগের পাশাপাশি কোনোরকম জনহয়রানিমূলক কাজ করা যাবে না।
‘ট্রাফিক পুলিশ সদস্যরা রমজানে রাস্তায় শুধু পানি খেয়ে ইফতার করে। জীবনের ঝুঁকি নিয়ে সব প্রাকৃতিক বৈরিতা উপেক্ষা করে নিজেদের দায়িত্ব পালন করে যানজটকে সহনীয় পর্যায়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেন’।
নবীন সার্জেন্টদের সতর্ক করে ডিএমপি প্রধান বলেন, ডিএমপি’র সুনাম, মূল্যবোধ ও ভাবমূর্তি বিনষ্ট হয় এমন কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। আপনারা পেশাদারির সঙ্গে, ধৈর্যশীল ও বিনয়ী হয়ে নিজেদের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে কেউ আহত বা অসুস্থ হলে তাকে আমরা সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করে থাকি।
