বাণিজ্যিক সিনেমাকেও সরকারী অনুদানের দাবি পরিচালকদের

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১২:০৮ এএম

দেশীয় চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

বুধবার দুপুর আড়াইটায় শুরু হওয়া ঘণ্টাব্যাপি এ বৈঠকে চলচ্চিত্রের নানা বিষয় তুলে ধরেন পরিচালক সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এ সময় বাণিজ্যিক ঘরানার সিনেমাকে অনুদান দেওয়ারও দাবি জানানো হয়।

পরিচালক সমিতির সভাপতি বলেন, ‘সরকারি অনুদান পাচ্ছে যেসব ছবি, সেগুলো কেউ দেখে না। ছবিগুলো কবে নির্মিত হয়, কোথায় দেখানো হয়? কেউ জানে না। যেসব ছবি মানুষ দেখে সেসব ছবিকে অনুদান দেওয়া জরুরি।’

এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা সোহানুর রহমান সোহান, অপূর্ব রানা, শাহিন সুমন, মোস্তাফিজুর রহমান মানিকসহ অনেকে।

বৈঠকে কয়েকটি দাবি তথ্য মন্ত্রীকে জানানো হয়। তার মধ্যে রয়েছে- বিএফডিসিতে শুটিং খরচ কমানো, সারাদেশে সিনেপ্লেক্স নির্মাণ, সিনেমা হলের মান বৃদ্ধি।

বৈঠকের পর মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘তথ্যমন্ত্রী আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আমরা মনে করি বাণিজ্যিক সিনেমাকেও সরকারি অনুদানের আওতায় নেওয়া হবে। পাশাপাশি সারাদেশে সিনেপ্লেক্স নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেছি। সিনেমা ইন্ডাস্ট্রিকে উন্নত করতে চাইলে যে উদ্যোগ নেওয়া উচিত সেগুলো তথ্যমন্ত্রীকে জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন। আমরা আশা করবো সেগুলো দ্রুতই বাস্তবায়ন শুরু হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত