রাশিয়ায় দুই পুরস্কার পেল ফারুকীর শনিবার বিকেল

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৪:৫৪ পিএম

৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষদিনে মোস্তফা সরয়ার ফারুকী জানালেন সুখবর। এ দিন বিকেলে একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, রাশিয়ায় তার নির্মিত ‘শনিবার বিকেল’ দুটি পুরস্কারে ভূষিত হয়েছে। দুটিই ইন্ডিপেনডেন্ট ক্রিটিক জুরি পুরস্কার!

ফারুকী আরও জানান, ইন্ডিপেনডেন্ট ক্রিটিক অ্যাওয়ার্ড-এ ‘শনিবার বিকেল’ রাশিয়ান ফেডারেশন ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার এবং কমারসান্ট পুরস্কার জিতে নিয়েছে। এটা আমাদের ‘শনিবার বিকেল’ টিমের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।

১৮ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। চলে ২৫ তারিখ পর্যন্ত। এবারের উৎসবে জুরি প্রধান হয়েছেন কোরিয়ান মাস্টার ফিল্মমেকার কিম কি দুক। ২২ এপ্রিল মস্কোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ফারুকী। তার সফর সঙ্গী হয়েছেন জাহিদ হাসান ও তিশা। ২৪ এপ্রিল উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে ছবিটি।

উল্লেখ্য, ২০১৬ সালের হলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হওয়ায় সেন্সর বোর্ডে আটকে আছে ছবিটি। বাংলাদেশে সেন্সরের কাঁটাতারের বেড়াজালে ছবিটি যখন আটকে আছে ঠিক তখনই ছবিটি প্রদর্শিত হলো মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শুধু তাই নয়, জিতে নিল পুরস্কারও। বিষয়টি নিয়ে আশাবাদী ফারুকী।

‘শনিবার বিকেল’ সিনেমাটিতে কাজ করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়,  প্যালেস্টাইনের ইয়াদ হুরানি এবং আরও অনেকে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাখস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। যিনি ২০১৩ সালে "হারমনি লেসন" সিনেমাটির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জিতেছিলেন। ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল এবং ট্যানডেম প্রোডাকশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত