রাইড শেয়ারিং বাইক আরোহী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৫:১৭ পিএম

রাইড শেয়ারিং বাইকে করে ক্যাম্পাসে আসার পথে সড়ক দুর্ঘটনায় ফাহমিদা হক লাবণ্য (২১) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাইক চালক পলাতক রয়েছেন।

রাজধানীর শেরেবাংলা নগরে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবণ্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী।

পুলিশ জানায়, লাবণ্য শ্যামলী থেকে রাইড শেয়ারিং সেবার বাইকে করে ইউনিভার্সিটির উদ্দেশে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে পথচারীরা উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরে-বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সি বলেন, 'এ ঘটনায় বাইক চালক পলাতক রয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ এছাড়া দুর্ঘটনাটি কিভাবে সংগঠিত হয়েছে তাও জানা যায়নি।'

তিনি বলেন, 'লাবণ্যের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত