চ্যানেল নাইনকে ‘বাপজানের বায়োস্কোপ’ নির্মাতার লিগ্যাল নোটিশ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৬ পিএম

পয়লা বৈশাখে (১৪ এপ্রিল) চ্যানেল নাইনের পর্দায় দেখানো হয় রিয়াজুল রিজু পরিচালিত চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। ছবিটি সম্প্রচারের জন্য নির্মাতা কিংবা প্রযোজকের কাছ থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন ছবিটির নির্মাতা রিয়াজুল রিজু।

এ অভিযোগে গত বুধবার চ্যানেল নাইন কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন এ নির্মাতা। রিয়াজুল রিজু’র পক্ষে উকিল নোটিশটি পাঠান আইনজীবী এম এইচ তানভীর।

নোটিশ থেকে জানা যায়, গত পয়লা বৈশাখে (১৪ই এপ্রিল ২০১৯) ‘বাপজানের বায়োস্কোপ’ ছবিটি তাদের চ্যানেলে সম্প্রচার করে চ্যানেল নাইন কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে ছবিটি প্রচারের আগে প্রযোজক-পরিচালকের অনুমতি নেওয়া হয়নি।

২০১৫ সালের ১৮ই ডিসেম্বর ’বাপজানের বায়োস্কোপ’ ছবিটি মুক্তি পায়। সে বছর ছবিটি ৮টি ক্যাটাগরিতে ৯টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ছবিটির নির্মাতা রিয়াজুল রিজু বলেন, বাপজানের বায়োস্কোপ চলচ্চিত্রটি আমার নামে কপিরাইট করা এবং সেন্সরশিপ নেওয়া। ফলে ছবিটির যেকোনো ধরনের প্রদর্শনের আমার অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু চ্যানেল নাইন আমার কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেয়নি। এতে আমার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। আমার ছবি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হচ্ছে অথচ আমি নিজেই জানি না বিষয়টি আমার জন্য খুবই অপমানজনক। এতে আমার মানহানি ছাড়াও আর্থিক ক্ষতি হয়েছে। যে কারণে আমি উকিল নোটিশটি পাঠিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত