ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড তার দেশের সঙ্গে যুদ্ধ বাধাতে চান বলে মনে করেন না তিনি। তবে যুদ্ধে প্রলুব্ধ হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘে ইরানের মিশনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী রয়টার্সকে বলেন, ‘আমি মনে করি না, তিনি যুদ্ধ চান। তবে এর মানে এই নয় যে, তিনি এর প্রতি প্রলুব্ধ নন।’ জারিফের এ বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস।
জারিফের মতে, ইরানের প্রতি কট্টর ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, রক্ষণশীল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো ‘বি’ টিমের লোকজন ট্রাম্পকে যুদ্ধে ঠেলে দিতে পারে। তিনি বলেন, নীতি প্রণেতারা দরকষাকষির মাধ্যমে সমাধান চান না। এমন বাস্তবতায় ইরান সংঘর্ষ চায় না। তবে আত্মরক্ষা থেকে পিছু হটবে না তার দেশ। পরমাণু সমৃদ্ধকরণ কমিয়ে আনার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ইরানের চুক্তি থেকে গত বছর সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।
