নেত্রকোনায় প্রধান শিক্ষককে বরখাস্তের প্রতিবাদ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০১:৩৬ এএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হেলিমকে নিয়মবহির্ভূতভাবে বরখাস্তের সিদ্ধান্ত ও বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারীদের অন্যায়ভাবে শোকজ এবং তিন মাস ধরে তাদের বেতন বিলে স্বাক্ষর না করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলমাকান্দা-দুর্গাপুর সড়কের বরদল বাজারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বরদল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনোরঞ্জন সাহা, মো. আবদুল লতিফ, অমল চন্দ্র দেব, আঞ্জুমান আরা বেগম, শিক্ষার্থীদের অভিভাবক মো. ইউসুফ আলী, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও শিক্ষার্থী তাহরিমা আনসারী মিম প্রমুখ। শিক্ষকরা বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি কর্তৃক অনৈতিকভাবে প্রধান শিক্ষকের বরখাস্ত ও অন্যান্য শিক্ষককে হয়রানিসহ তিন মাস ধরে বেতন বিল না দেওয়ায় আমরা সবাই ক্ষুব্ধ ও এর প্রতিবাদ জানাই।

বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. আবদুল হেলিম জানান, শিক্ষা বোর্ড আমার পক্ষে সিদ্ধান্ত দেওয়ার পরও ব্যবস্থাপনার কমিটির সভাপতি তিন মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা উত্তোলনের বিলে স্বাক্ষর করছেন না। এ বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম ফিরোজ বলেন, প্রধান শিক্ষককে নিয়ে জটিলতা রয়েছে। আমি কারও বেতন আটকে রাখিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত