প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট উদ্বোধন করেন। দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সেয়ের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সেয়ের মাধ্যমে কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জ প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান প্রমুখ।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের উদ্বোধন করেন। এ উপলক্ষে সিরাজগঞ্জ প্রান্তে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ।
