ঘরবাড়ির ছাদ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কারাগার, প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও স্থানসহ ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ারের ক্ষতিকর তেজস্ক্রিয়তা (রেডিয়েশন) ছড়ানোর বিষয়ে সমীক্ষা চালাতে বলেছে হাইকোর্ট। আগামী চার মাসের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রায়ে এ প্রতিবেদন চেয়েছে। ওই সমীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে ঘনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত ক্ষতিকর তেজস্ক্রিয়তা ছড়ানো টাওয়ার সরাতে আদেশ দেওয়া হবে বলেও রায়ে জানিয়েছে আদালত।
