বান্ধবী গ্যাব্রিয়েলা দিমিত্রিয়েদসের সন্তানের বাবা হতে চলেছেন এমন খবর জানিয়ে অনলাইনে শোরগোল তুলেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। যদিও তার সঙ্গে সাবেক স্ত্রী মেহের জেসিয়ার ছাড়াছাড়ির আনুষ্ঠানিকতা এখনো বাকি।
সাবেক সুপার মডেল মেহের ও অর্জুন কয়েক বছর ধরে আলাদা থাকছেন। তাদের দুই দশকের সংসার রয়েছে দুই মেয়ে মাহিকা (১৭) ও মাইরা (১৩)।
সম্প্রতি অর্জুনের তৃতীয়বার বাবা হওয়ার ঘোষণার পর সবার চোখ মেহেরের দিকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রতিক্রিয়া জানতে চাইলে মেহের বলেন, খবরটি ইতিবাচকভাবেই নিয়েছেন।
জানা গেছে, ছাড়াছাড়ি হলেও অর্জুন-মেহের অর্থনৈতিক বিষয়াদি নিয়ে এখনো ফয়সালা হয়নি। বর্তমানে দুই সন্তান মায়ের কাছেই আছেন। তারা চান কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিষয়টির নিষ্পত্তি হোক।
২০০৯ সালে আইপিএল পরবর্তী এক পার্টিতে প্রথমবার দেখা হয় অর্জুন-গ্যাব্রিয়েলার। এর কয়েক বছর পর ফের দেখা হয়। তারপরই শুরু হয় ডেটিং।
মা মারা যাওয়ার সময় অর্জুনের পাশে দেখা গিয়েছে গ্যাব্রিয়েলাকে। তখনই ঘনিষ্ঠতা বাড়ে। দক্ষিণ আফ্রিকার এ মডেল ও অভিনেত্রী ২০১৪ সালে বলিউডে পা রাখেন। ২০১৬ সালে একটি তেলুগু ছবিতে অল্প সময়ের জন্য দেখা যায় তাকে।
গ্যাব্রিয়েলার সঙ্গে প্রেমের সূত্র ধরে ২০১৮ সালের মে মাসে ২০ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন অর্জুন ও মেহের। তবে এর আগে গুজব উঠে অর্জুনের কারণেই সংসার ভেঙেছে হৃতিক রোশন ও সুজানা খানের।
