বিয়েতে প্রেমিকের অস্বীকৃতি, অপমানে আত্মহত্যা প্রেমিকার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৮:০৫ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে বিয়েতে প্রেমিকের অস্বীকৃতি এবং লোকনিন্দা সহ্য করতে না পেরে তানিয়া বেগম (২৩) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। শনিবার সকালে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তানিয়া উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের মধ্যেরচর মীরবাড়ির মিলন মীরের কন্যা। তিনি স্থানীয় জিল্লুর রহমান সরকারী মহিলা কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তানিয়া পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালে চাকুরি করতেন। সেখানকার ফার্মেসিতে চাকুরি করতেন উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের আবুল কালামের ছেলে মিজানুর রহমান। একই প্রতিষ্ঠানে চাকুরির সুবাদে তানিয়া-মিজানের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত বৃহস্পতিবার রাতে প্রেমিক মিজানুর রহমান প্রেমিকা তানিয়ার সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। বিষয়টি প্রতিবেশীদের নজরে পড়লে তারা মিজানকে আটক করে। পরদিন শুক্রবার সকালে মিজানের অভিভাবকদের সাথে নিয়ে সালিশে বসেন প্রতিবেশীরা। এ সময় তানিয়ার অভিভাবকেরা তানিয়াকে বিয়ে করতে চাপ সৃষ্টি করলে তাতে অস্বীকৃতি জানায় মিজান। এ সময় স্ট্যাম্পে স্বাক্ষর রেখে কৌশলে মিজানকে ছাড়িয়ে দেন কয়েকজন।

এই ঘটনার পরে এলাকার কিছু বখাটে যুবক শুক্রবার রাতে তানিয়াসহ পরিবারের লোকজনকে নানাভাবে অপমান করে। তাদের উদ্দেশ্য করে অশ্লীল বাক্য এবং ঘরে ইটপাটকেল ছুঁড়ে এক ভীতিকর পরিবেশ তৈরি করে। এরপরে শনিবার সকালে বাড়িতে গিয়ে আবারও নানা রকমের অশ্লীল ইঙ্গিত দিয়ে কথা বলতে থাকে।

নিজের এবং নিজের পরিবারের প্রতি এইসব অপমান সহ্য করতে না পেরে শনিবার বেলা ১১টার দিকে তানিয়া নিজ ঘরে আত্মহত্যা করে। খবর পেয়ে দুপুর দুইটার দিকে ভৈরব থেকে পুলিশ গিয়ে লাশ নামিয়ে থানায় নিয়ে আসে।

তানিয়ার মা শেফালি বেগম অভিযুক্ত কয়েকজনের নাম উল্লেখ করে প্রলাপ বকছিলেন এবং বার বার মূর্ছা যাচ্ছিলেন। তিনি এ সময় প্রতারক প্রেমিক মিজান এবং প্রতিবেশী বখাটেদের বিচার দাবি করেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জে প্রেরণ করা হবে। সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনায় কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত