যুক্তরাষ্ট্রে ইহুদিদের ধর্মীয় উৎসবে বন্দুক হামলা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১০:০৫ এএম

যুক্তরাষ্ট্রে ইহুদিদের প্রার্থনাস্থল সিনাগগে বন্দুক হামলায় এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, সান দিয়াগোর ৩০ কিলোমিটার উত্তরে পওয়ে শহর থেকে জন আর্নেস্ট নামে হামলাকারী ১৯ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় উৎসব ‘পাসওভার’ উদযাপনে সিনাগগে জড়ো হয়েছিলেন ইহুদি ধর্মাবলম্বীরা। এতে আধা-স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালায় আর্নেস্ট।

সান দিয়াগো কাউন্টি শেরিফ উইলিয়াম গোর গার্ডিয়ানকে জানানা, গ্রেপ্তারকৃত আর্নেস্টের বিরুদ্ধে থানায় আগে কখনো অভিযোগ ছিল না।

এদিকে হতাহতদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে এক বৃদ্ধ নারী মারা যান। আহত দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং আরেকজন কিশোরী।

ঠিক ছয় মাস আগে পিটসবার্গ সিনাগগে পাসওভার প্রার্থনায় হামলা ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

এদিকে এ হামলার কোনো কারণ উদঘাটন করতে পারেনি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ‘ইশতেহার’ প্রকাশ করে আর্নেস্ট। তদন্ত কর্মকর্তারা তা অনুসন্ধান করে দেখছেন।

গত মাসের পার্শ্ববর্তী শহরে এক মসজিদে বন্দুক হামলার ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এফবিআইকেও যুক্ত করা হবে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত