সাতক্ষীরার কলারোয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার নথি’র বরাত দিয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, শারমিন সুলতানা আখিকে একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৪) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার সময় পথে ও ছাত্রীকে কুপ্রস্তাবসহ বিভিন্নভাবে বিরক্ত করে আসছে। গত ১৩ এপ্রিল বিকেল ৫টার দিকে ওই কিশোরী পাশের বাড়িতে টেলিভিশন দেখাকালীন ঝড়-বৃষ্টি শুরু হয়।
এ সময় ওই বাড়ির গৃহিণী রান্না ঘরে থাকার সুযোগে সাদ্দাম হোসেন ওই বাড়িতে প্রবেশ করে শারমিনকে জোরপূর্বক বারান্দায় নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে নীরবে লোক লজ্জার ভয়ে এবং মান-সম্মানের কথা চিন্তা করে কাউকে কিছু না বলে মেয়েটি রুহুল কুদ্দুসের বাড়ি থেকে চলে যায়।
এরপর মেয়েটি সাদ্দামকে বিয়ে করার প্রস্তাব দিলে সাদ্দাম প্রত্যাখান করায় গত ২৫ এপ্রিল বিষয়টি তার মাকে জানায় শারমিন। পরে তার বাবা-মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হন। গ্রাম্য শালিসে সমাধান করতে না পারায় শনিবার রাতে কলারোয়া থানায় সাদ্দাম হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ওসি মনিরুজ্জামান বলেন, ধর্ষক পলাতক রয়েছে। মেয়েটি বর্তমান পুলিশ হেফাজতে রয়েছে। রোববার সাতক্ষীরা আদালতে জবানবন্দি গ্রহণ শেষে অনুমতি নিয়ে মেডিকেল করা হবে বলে তিনি জানান।
