বাবাকে কামড়ে ‘ইতিহাস’ মনে করাল সুয়ারেজ পুত্র

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০৬:৫১ পিএম

লুইস সুয়ারেজ নামটা উচ্চারণ করলে আজও সেই কামড়কাণ্ড অনেকের মনে পড়ার কথা। একবার নয়; তিন তিন বার একই ইতিহাস রচনা করে সমালোচিত হয়েছেন তিনি। সেই ইতিহাস শনিবার আরেকবার ফিরে এল তার ছয় মাস বয়সী ছেলের কারণে।

বার্সেলোনা এদিন লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে স্প্যানিশ লিগ শিরোপা নিজেদের করে। বাবার বিজয় উদ্‌যাপন করতে মাঠে হাজির ছিল তার ছেলে লওতারো সুয়ারেজ। ম্যাচের পর কোলে বসে বাবার ঘাড়েই সে কামড় বসিয়ে দেয়!

সুয়ারেজ প্রথম এই কাজ করেন ২০১০ সালে। অ্যাজাক্সের হয়ে খেলার সময় পিএসভির ওটম্যান বাক্কালের ঘাড়ে কামড় দেন। পরে সাত ম্যাচ নিষিদ্ধ হন।

এরপর লিভারপুলে গিয়ে চেলসির ব্র্যানিস্লোভ ইভানোভিচের হাত কামড়ে দশ ম্যাচ নিষিদ্ধ হন।

সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার চিয়েল্লিনির কাঁধে কামড় বসিয়ে দেন।

সুয়ারেজ কেন বারবার একই ‘অপরাধ’ করছেন, সেটি ব্যাখ্যা করতে ওই সময় অনেকে বিস্তর লেখালেখি করেন। কয়েক জন বিশ্লেষক সুয়ারেজের ছেলেবেলার কথা স্মরণ করিয়ে একে মানসিক সমস্যা হিসেবে তুলে ধরেন। বলা হয়, ছেলেবেলার দরিদ্রতা তার মানসপটে প্রভাব ফেলেছে।

এই ব্যাখ্যা মেনে নিলে তার ছেলের জন্য কী বলা উচিত? দারিদ্র্য তো তাকে ছুঁতে পারেনি।

ভালো উত্তরটি দিয়েছেন এক ফেসবুক ব্যবহারকারী। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, রক্ত কখনো বেইমানি করে না!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত