অপমান সইতে না পেরে কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১১:১৬ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে বিয়েতে প্রেমিকের অস্বীকৃতি এবং লোকনিন্দা সহ্য করতে না পেরে তানিয়া বেগম (২৩) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় প্রেমিক মিজানুর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রবিবার সকালে তানিয়ার বাবা মিলন মীর বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন উপজেলার শ্রীনগর গ্রামের প্রেমিক মিজানুর রহমান বাবু (২৮), তার মা হেলেনা বেগম (৫০), বোন রূপালী বেগম (৩০), মধ্যেরচর গ্রামের তানিয়াদের প্রতিবেশী শাহ আলম (৪০), নূর আলম সরকার (৪৫), ফিরোজ মিয়া (৩৫), চায়না বেগম (৪৫) ও ফরিদা বেগম (৪০)। পুলিশ গতকাল দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য জিহাদ ও সানোয়ার হোসেন নামে দুই প্রতিবেশীকে আটক করেছে।

অপরদিকে, গতকাল বিকেলে তানিয়ার মরদেহ কিশোরগঞ্জে ময়নাতদন্তের পর ভৈরব নিয়ে আসা হয় এবং পুলিশের উপস্থিতিতে মধ্যেরচর ঈদগাহ মাঠে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

তানিয়া গত শনিবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি স্থানীয় জিল্লুর রহমান সরকারি মহিলা অনার্স কলেজের সম্মান দর্শন শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এলাকার কিছু বখাটে যুবক গত শুক্রবার দিন এবং রাতভর তানিয়াসহ পরিবারের লোকজনকে নানাভাবে অপমান করে। অশ্লীল বাক্য এবং ঘরে ইটপাটকেল ছুড়ে এক ভীতিকর পরিবেশ তৈরি করে। তারা গত শনিবার সকালে বাড়িতে গিয়ে নানা রকম অশ্লীল কথাবার্তা বলতে থাকে এবং তানিয়া ও তার মা শেফালি বেগমকে ঘর থেকে টেনে বের করে আনার চেষ্টা করে। এসব অপমান সহ্য করতে না পেরে ওইদিনই বেলা ১১টার দিকে তানিয়া নিজঘরে আত্মহত্যা করেন।

ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান জানান, প্রেমিকের বিয়েতে অসম্মতি ও প্রতিবেশীদের মানসিক নির্যাতনে তানিয়া আত্মহত্যা করেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত