দুর্নীতির অভিযোগ: হাওলাদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চালাতে বাধা নেই

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১২:৪৪ এএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জাতীয় পার্টির (জাপা) সাবেক  মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবি নোটিশের কার্যকারিতার ওপর হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের ওই স্থগিতাদেশ স্থগিত  চেয়ে দুদকের করা আবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চালাতে কোন বাধা নেই বলে জানান সংস্থাটির প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। আদালতে হাওলাদারের পক্ষে শুনানি করেন  সিনিয়র আইনজীবী শফিক আহমেদ ও এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুব শফিক।

আদেশের পর খুরশিদ আলম খান গণমাধ্যমকে জানান, রুহুল আমিন হাওলাদারকে দুদকের দেয়া নোটিশের কার্যকারিতা গত ৩ এপ্রিল এক আদেশে চার সপ্তাহের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদক আপিল করে। আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি স্থগিত করে দিয়েছেন। এখন তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলতে কোনো বাধা নেই।

সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য গত বছরের ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে তলব  করে দুদক। কিন্তু ওই সময় নির্বাচনের প্রস্ততির কারণ দেখিয়ে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন হাওলাদার।

এরপর ফের চিঠি পাঠিয়ে গত ২৮ মার্চ তাকে দুদকের সেগুনবাগিচাস্থ প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। পরে  ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন হাওলাদার। ওই রিটের ওপর শুনানি নিয়ে ৩ এপ্রিল হাইকোর্ট দুদকের নোটিশের কার্যকারিতার ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত