দুই দশক ধরে হত্যা মামলা অনিষ্পন্ন থাকায় বিচারককে তলব

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১১:২৬ পিএম

১৯৯৮ সালের মার্চে রাজধানীর ডেমরায় সংঘটিত একটি হত্যা মামলা দুই দশকের বেশি সময়েও অনিষ্পন্ন থাকায় সংশ্লিষ্ট আদালতের বিচারককে তলব করেছে হাইকোর্ট। এ বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকা মহানগর পঞ্চম অতিরিক্ত দায়রা আদালতের বিচারক মো. নুরুল আমিন বিপ্লবকে ৮ মে মামলার যাবতীয় নথিসহ হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এই হত্যা মামলার এক আসামির জামিন শুনানিকালে সোমবার এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

আদেশের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রশিদ মিয়া বাদশা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ১৯৯৮ সালের ১৬ই মার্চ ডেমরার  কলিমউল্লাহ বাগ এলাকায় পূর্ব বিরোধের জের ধরে হজরত আলী ও মাসুদ হোসেন ব্রিটেনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে প্রতিপক্ষরা। পরে হাসপাতালে মারা যান হজরত আলী। মাসুদের দুই হাত কনুই থেকে কেটে ফেলায় পঙ্গু হয়ে যান তিনি। এ ঘটনায় ওই দিনই হজরত আলীর বাবা শওকত আলী ফকির মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৩ সালের ১১ মে ১০ জনকে আসামি করে সংশ্লিষ্ট বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার এজাহারে হেমায়েতের নাম না থাকলেও তদন্তের পর অভিযোগপত্রে তাকেও আসামি করা হয়।

ইউসুফ মাহমুদ মোর্শেদ জানান, ২০০৪ সালের ৮ আগস্ট সংশ্লিষ্ট বিচারিক আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর নির্দেশ দিলেও অদ্যাবধি এই মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর পঞ্চম অতিরিক্ত দায়রা আদালতে বিচারাধীন রয়েছে। আগামী ২ মে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। এর আগেও অসংখ্যবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হলেও আজ পর্যন্ত কোন সাক্ষী সাক্ষ্য দিতে আসেননি।

তিনি বলেন, ‘আসামি হেমায়েত এর আগে জামিনে মুক্তি পেলেও জামিনের অপব্যবহারের কারণে গত বছরের ৭ ফেব্রুয়ারি তার জামিন বাতিল করে বিচারিক আদালত। এরপর গত ৩১ মার্চ আসামি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান আদালত। সোমবার হাইকোর্টে হেমায়েতের জামিন শুনানির সময় এই মামলার বিচারকাজ দীর্ঘায়িত হওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে আসলে এ বিষয়ে ব্যাখ্যা দিতে ওই বিচারিক আদালতের বিচারককে মামলার নথিপত্রসহ তলব করেন হাইকোর্ট। পাশাপাশি ওই তারিখে (৮ মে) আসামি হেমায়েতের জামিন শুনানি ও পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত