আশুলিয়ায় একটি নির্জন বাঁশঝাড়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে বখাটেরা। এঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।
সোমবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠগড়া (উত্তরপাড়া) এলাকার সোহরাব শিকদারের ছেলে নূর মোহাম্মদ পলাশ (২১), একই এলাকার সাহাবুদ্দীনের ছেলে মো. সুজন শিকদার (২০) ও হাজী আ. সাত্তারের ছেলে মো. ফেরদৌস (২৫)। অপরজন হলেন- ধামরাই থানার জাঙ্গালিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে কবির হোসেন (৩০)। এ ঘটনায় অভিযুক্ত আ. রাজ্জাক (৩০) নামে আরও একজন পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কাঠগড়া এলাকায় স্বামীকে নিয়ে ভাড়া বাসা খুঁজতে যায় ভুক্তভোগীরা। তাদের একা পেয়ে গতিরোধ করে ৫ বখাটে। পরে স্বামীকে বেঁধে রেখে বাঁশঝাড়ে স্ত্রীকে নিয়ে ধর্ষণ করে ৫ বখাটে। এ ঘটনার অভিযোগ পেয়ে রাতেই আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করে পুলিশ।
এব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এঘটনায় মামলা দায়েরের পর দুপুরে আটককৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে অভিযুক্ত আরও একজনকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। আর ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত ধর্ষকদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধর সাথে জড়িত থাকার কথা স্থানীয়রা পুলিশকে অবহিত করেছেন। তবে তাদের ভয়ে কেউ থানায় কোন মামলা দায়ের করেনি।
