জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা সম্প্রতি সাবেক স্বামীর নির্যাতনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারির বিরুদ্ধে তাকে নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
একই অনুষ্ঠানে মিলা তার ডিভোর্সের পেছনে অভিনেত্রী নওশীনকে দায়ী করেন। মিলা বলেন, ‘আমার স্বামীর সঙ্গে নওশীনের সম্পর্ক ছিল। তাদের ঘনিষ্ঠ ছবি হাতে পেয়ে নওশীনের স্বামী হিল্লোলকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। নওশীন শোবিজের মেয়ে হয়ে শোবিজেরই আরেকজনের স্বামীকে নিয়ে এমন করল, আমরা শোবিজের মেয়েরা তাহলে কোথায় যাব?’
এদিকে মিলার এমন অভিযোগের রেশ না কাটতেই আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি নওশীনের ওপর ক্ষোভ ঝাড়লেন। তিন্নির সঙ্গে হিল্লোলের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর নওশীনকে বিয়ে করেন হিল্লোল। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিন্নি তার সংসার ভাঙার পেছনেও নওশীনকেই দায়ী করেন। তিন্নি বলেন, ‘আজ মিলার সংসারের নওশীন যেটা করল ঠিক সেটাই আমার সংসার ভাঙার সময় করেছে। সে হিল্লোলকে সাপোর্ট দিতে গিয়ে আমার সংসার ভেঙে দেয়। পরে সে বিয়ে করে হিল্লোলকে। এখন সে মিলার স্বামী সানজারিকে একপ্রকার সাপোর্ট দিচ্ছে। বলতে গেলে তার এই অনৈতিক সম্পর্ক আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে। কী হতে পারে বলা যায় না! আসলে নওশীন নিজেই একটা ‘ক্যারেক্টার’ দুইটা গল্পে। নওশীনের কারণে আমার সন্তান থাকা অবস্থায় আমাদের আলাদা হতে হয়েছে। শুধু নওশীনের কারণে মেয়ে নিয়ে আমাকে আলাদাভাবে থাকতে হয়েছে। আর মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মিলার মতো আমিও দ্বিতীয় সংসারে ভালো নেই। এ জন্য কষ্টটা আরও বেশি অনুভব করেছি। দ্বিতীয় সংসারেও আমার একটা মেয়ে আছে, অবশ্য সে আমার সঙ্গে থাকে না।’
