নগরীর বিভিন্ন বিপণীবিতানের দোকান মালিকদের নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে বলেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান।
মঙ্গলবার নগরীর দামপাড়ায় পুলিশ লাইনে আসন্ন রমজান মাস উপলক্ষে পরিবহন মালিক-শ্রমিক, মার্কেট-শপিংমল ও বাজারসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। রমজান মাসে ভোগ্যপণ্যের মূল্য সহনশীল রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ব্যাবসায়ীদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, ‘নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। আপনি সিসিটিভি ক্যামেরা রাখবেন না, স্বেচ্ছাসেবক রাখবেন না; কিন্তু অপরাধ হলে পুলিশ আসামি ধরবে- এমনটা ভাববেন, তা এ যুগে চলবে না। মার্কেটের সামনে জ্যাম লেগে গেলে ট্রাফিক পুলিশকে দোষ দেবেন তা হবে না। মার্কেটে আসা গাড়িগুলোর জন্য টোকেন সিস্টেম চালু করে কত সময় ধরে মার্কেটের পার্কিংয়ে অবস্থান করছে তা জানতে ব্যবস্থা নিন। অতিরিক্ত সময় গাড়ি রাখলে তার জন্য ফি নিন।’
সভায় মাহবুবর রহমান আরও বলেন, ‘রমজানে যানজট, পণ্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করবে পুলিশ। সে লক্ষ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে সিএমপি। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নগরবাসী গতবারের চেয়ে বেশি স্বস্তি পাবেন। এছাড়া রমজানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনা ঘটবে না। রমজানে কোনো মার্কেট বা শপিং মলে চাঁদাবাজির ঘটনা ঘটলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট থানার ওসিকেই বহন করতে হবে। আপনারা মৌখিক বা ফোনে অভিযোগ জানালেই আমরা এ্যাকশনে যাবো। লিখিত অভিযোগ জানানোর প্রয়োজন নেই।’
এদিকে ঈদের আগে যথাসময়ে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে মালিকদের প্রতি অনুরোধ জানান সিএমপি কমিশনার। তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিয়ে দিবেন। শ্রমিকরা রাস্তায় নামলে শৃঙ্খলা ফেরাতে সময় লেগে যায়।’
