আখাউড়া উপজেলা প্রশাসনের মে দিবসের র্যালিতে অংশ নিতে এসে গরমে এক স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রী পৌর শহরের দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে।
শিক্ষক ও শিক্ষার্থী সূত্র জানায়, মে দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে পৌরশহরের ৩টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসে উপস্থিত হয়। র্যালির জন্য ছাত্র-ছাত্রীদের খোলা মাঠে রৌদ্রে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়। র্যালি শুরু হতে তখনও এক ঘণ্টা বাকি।
অতিরিক্ত গরমে দাঁড়িয়ে থাকতে থাকতে শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়েন। সোয়া ৯টার দিকে দেবগ্রাম স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়েন। তৎক্ষণাৎ অপর শিক্ষার্থীরা তাকে উপজেলা ভবনের একটি কক্ষে নিয়ে গিয়ে মাথায় পানি দেয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে।
তবে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর সকাল ১০টায় মে দিবসের র্যালি বের হয়। অতিরিক্ত তাপদাহের কারণে র্যালিটি আখাউড়া উপজেলা পরিষদের প্রধান ফটক এসেই শেষ করে দেয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম শরীফুল হক প্রমুখ।
একজন শিক্ষক জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে আটটার সময় ছাত্রছাত্রী নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়। এজন্য আমরা ছাত্রছাত্রী নিয়ে এসেছি।
র্যালিতে স্কুলের ছাত্রছাত্রী নিয়ে আসার সরকারি কোন আদেশ আছে কীনা জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, “এ রকম কোনো আদেশ নাই। তবে মে দিবসের তাৎপর্য জানানোর জন্য ছাত্রছাত্রীকে আনতে বলা হয়।”
