স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে বিশ বছরের দাম্পত্য জীবন ছেড়ে অর্জুন রামপাল মজেছেন নতুন প্রেমে। ইতিমধ্যে প্রেমিকার গর্ভে তার সন্তান আসার সুসংবাদও দিয়েছেন ৪৬ বছর বয়সী এ অভিনেতা।
৪৮ বছর বয়সী জেসিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলেও আইনি জটিলতায় বিচ্ছেদ কার্যকর হয়নি এখনো অর্জুনের। তবে ২০১৭ সাল থেকে আলাদা থাকছেন তারা। জেসি আছেন দুই মেয়েকে নিয়ে। আর অর্জন থাকছেন প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে।
২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) পরবর্তী এক পার্টিতে দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী ও মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে পরিচয় অর্জুনের।
এদিকে মঙ্গলবার অর্জুন আর জেসিয়াকে দেখা গেছে একসঙ্গে। তবে দূরত্বে মেপেই হাঁটলেন তারা। একটি ব্যাংকে এসেছিলেন তারা।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম মিড-ডে জানায়, ব্যাংকের কোনো কাজে হয়তো দুজনেরই উপস্থিত থাকা প্রয়োজন ছিল। সেই হিসাবে তারা ব্যাংকে এসেছিলেন। তবে আলাদা গাড়িতে করে আসেন অর্জুন-জেসিয়া। আলাদাভাবে ব্যাংকে ঢুকেন। কাজ সেরে আবার আলাদাভাবে বের হয়ে যান। এ সময় রাস্তায় দূরত্ব রেখে হেঁটে গাড়িতে উঠতে দেখা গেছে পরস্পরকে।
অর্জুনকে শেষ দেখা যায় পল্টন ছবিতে। বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি এটি। এখন ওয়েব সিরিজে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। দ্য ফাইনাল কল সিরিজের প্রথম সিজনে বেশ প্রশংসাও কুড়িয়েছেন। একইভাবে অভিনয় করেছেন দ্য এক্টর সিরিজেও। কাশ্মীরে এ সিরিজের শুটিংয়ের সময় তাকে সময় দেন গ্যাব্রিয়েলা।
