বাগেরহাটের রামপাল ও রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় দুর্ঘটনায় তিনজন নিহত হন।
অন্যদিকে, রাজশাহীর বাঘা উপজেলায় নসিমনকে বাঁচাতে গিয়ে বাস উল্টে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।
বাগেরহাটের কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার অভ্যন্তরীণ একটি সড়ক দিয়ে যাত্রীবাহী মাহেন্দ্র অসাবধানতাবশত খুলনা-মোংলা মহাসড়কে ওঠার সময়ে মোংলাগামী অপর একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাহেদ্রটি দুমড়ে-মুচড়ে চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তারা হলেন- সোহাগ (৩৫) ও সঞ্জিত মন্ডল (৫০)। এদের বাড়ি জেলার মোংলা উপজেলার চিলা গাববুনিয়া ও মাকড়ডোন এলাকায়।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছে।
রাজশাহীর বাঘা উপজেলায় নসিমনকে বাঁচাতে গিয়ে বাস উল্টে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে বাঘা উপজেলায় মীরগঞ্জে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এর মধ্যে বাসের চালকের সহকারী রয়েছেন।
পুলিশ জানায়, বাসটি বাঘা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে মীরগঞ্জ এলাকায় আসলে হঠাৎ বাসের সামনে একটি নসিমন চলে আসে। নসিমনটিকে বাঁচাতে দ্রুত থামতে গেলে বাসটি উল্টে যায়। এতে বাসের চালকের সহকারীসহ তিন বাসের যাত্রী নিহত হয়েছেন।
বাঘা থানার ওসি মহসিন আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
