হার্ট অ্যাটাকে আক্রান্ত ক্যাসিয়াস শঙ্কামুক্ত

আপডেট : ০২ মে ২০১৯, ০৯:২৭ এএম

পর্তোর হয়ে অনুশীলন করার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া গোলরক্ষক ইকের ক্যাসিয়াস এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে। পর্তুগিজ ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্প্যানিশ ফুটবলারের অবস্থা এখন ভালো।

তবে এখনও ডাক্তারী পর্যবেক্ষণে আছেন রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা ও স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা গোলরক্ষক ক্যাসিয়াস।

পর্তোর এক বিবৃতিতে জানানো হয়, বুধবার সকালে অনুশীলনের সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন ক্যাসিয়াস। সঙ্গে সঙ্গে অনুশীলন বন্ধ করে দিয়ে তার সহায়তায় সবাই এগিয়ে আসে। বর্তমানে ক্যাসিয়াস সিউইএফ পর্তো হসপিটালে আছেন। তার অবস্থা এখন স্থিতিশীল ও হার্টের সমস্যা কেটে গেছে। তিনি এখন ভালো আছেন।

ক্যাসিয়াস তার ক্যারিয়ারের অধিকাংশ সময়ই কাটিয়েছেন রিয়ালের হয়ে। ২০১৫ সালে পর্তোতে পাড়ি জমানোর আগে স্প্যানিশ জায়ান্টদের হয়ে খেলেছেন ৭২৫ ম্যাচ। ক্লাবটির হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচবার লা লিগাসহ জিতেছেন অসংখ্য শিরোপা। অসুস্থ ক্যাসিয়াসের সুস্থতা কামনায় আবেগময় এক বিবৃতিতে দিয়েছে রিয়াল।

স্পেনের হয়েও সফল ক্যাসিয়াস। ২০১০ সালে জিতেছেন বিশ্বকাপ। ২০০৮ ও ২০১২ জিতেছেন ইউরো চ্যাম্পিয়ন্সশিপ শিরোপা।

হাসপাতালের বেডে থাকা ক্যাসিয়াস তার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, সবকিছু নিয়ন্ত্রণে আছে। সবাইকে ধন্যবাদও জানিয়েছেন কিংবদন্তিতুল্য এই গোলকিপার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত