জন্মদিনে কোহলিকে নিয়ে একান্তে সময় কাটালেন আনুশকা

আপডেট : ০২ মে ২০১৯, ০৮:৪০ পিএম

তারকাদের যে কোনো বিশেষ দিন উদ্‌যাপন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। একদিন আগে যেমন ৩১-এ পা দিয়েছেন বলিউড নায়িকা আনুশকা শর্মা। ভক্তদের মাঝে তাই কৌতূহল, জন্মদিন কীভাবে উদ্‌যাপন করলেন এই তারকা?

আনুশকা তার বিশেষ দিনটিতে স্বামী বিরাট কোহলিকে নিয়ে কাটিয়েছেন একান্ত সময়। যার প্রমাণ মিলছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলির সামাজিক যোগাযোগ মাধ্যমে করা সাম্প্রতিক পোস্টগুলো থেকে।

কোহলি নিজের ফেসবুক পেজ ও টুইটারে বুধবার আনুশকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেই একই ছবির সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামের।

ভিডিওতে দেখা যাচ্ছে, দুজন পাশাপাশি বসে আছেন একটি লেকের ধারে। দুজনে গল্প করছে। কোহলির কথায় শুনে আনুশকা হাসছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে মিউজিক। আর ছবি থেকে পরিষ্কার এদিন দুজনে মিলে সূর্যাস্তও উপভোগ করেছে।

কোহলি এখন আইপিএলে ব্যস্ত সময় পার করছেন। তবে বুধবার তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোনো ম্যাচ ছিল না। তাই স্ত্রীকে সময় দিতে কোনো সমস্যাই হয়নি তার।

যদিও তারা একে অপরের সঙ্গে এমন সময় কাটাতে ঠিক কোন জায়গাটা বেছে নিয়েছিলেন তা জানা যায়নি।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর জুটি বাঁধেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। দুজনের বিয়ের আনুষ্ঠানিকতাটা হয় ইতালিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত