ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী শোভাযাত্রা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এ শোভাযাত্রার আয়োজক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।
সংক্ষিপ্ত সমাবেশে মেয়র আতিক বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যেখানে বাস করি তার আশপাশের লোকজন সম্পর্কে সতর্ক থাকতে হবে। কারও বিষয়ে সন্দেহ হলে সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।’
আত্মীয়-স্বজনদের খোঁজখবর রাখার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমাদের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব কে কোথায় আছে, সেদিকে খেয়াল রাখতে হবে। কারও বিষয়ে সন্দেহ হলে সেই তথ্য আমাদের জানাতে হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কমিশনার আবদুর রাজ্জাক।
