ভূমির অধিকার, শ্রম আইন অনুযায়ী মজুরিসহ সাত দফা দাবিতে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে চা শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন আয়োজিত মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাক্কাতুরা বাগানে সমাবেশে মিলিত হয়। এতে শ্রমিক নেতারা তাদের সাত দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নের দাবি জানান।
তাদের দাবির মধ্যে রয়েছে চা শ্রমিকদের ভূমির অধিকার দেওয়া, শ্রম আইন অনুযায়ী মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা, চা শ্রমিক সন্তানদের যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির কোটা বরাদ্দ, প্রতিটি চা বাগানে এমবিবিএস পাস চিকিৎসকসহ অ্যাম্বুলেন্স বরাদ্দ, চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও ২০ মে চা শ্রমিক হত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। আরও বক্তব্য দেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন কমিটি সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, সাবেক ইউপি সদস্য গুনধর গোয়ালা, চা শ্রমিক নেতা কল্পনা নায়েক, দেবু বাউরি, বিমল গঞ্জু, বিনেশ বাড়াই, সুমন কালীন্দ, নগেন্দ্র গোয়ালা, মিলন মুন্ডা, নিরঞ্জন মৃধা, অরুণ বাউরি, সমর সিং, নিরঞ্জন গোয়ালা প্রমুখ।
