‘ফণী’র ভয় উপেক্ষা করেই বিসিএস দিলেন তারা

আপডেট : ০৩ মে ২০১৯, ০৫:৩৪ পিএম

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সকাল থেকেই ভোলায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে ওঠে ভোলার মেঘনা ও সাগর মোহনা। স্বাভাবিকের চাইতে নদ-নদীর পানি দুই থেকে তিন ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

বন্ধ থাকে সব রুটে নৌ-চলাচল। তবে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার্থীদের অনেকেই স্পিডবোটে পরীক্ষায় অংশগ্রহণ করতে নদী পাড়ি দিয়েছেন।

বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোলার প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থী।

তারা জানান, ভোর রাত থেকে ভোলার ভেদুরিয়া ঘাটে বসে থেকে অবশেষে স্পিডবোটে বরিশাল গিয়ে পরীক্ষায় অংশ নেন তারা।

ভোলা-বরিশাল, ভোলা-ঢাকা রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের।

জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, আটকে পড়া পরীক্ষার্থীরা যোগাযোগ করলে বৃহস্পতিবার ২০০ জনকে বিশেষ উপায়ে লাহারহাট হয়ে বরিশালে পাঠানো হয়। এ ছাড়া সেখানে অবস্থান করা প্রায় ৬০ থেকে ৭০ জনকে শুক্রবার সকালে স্পিডবোটযোগে পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত