ফেসবুকে ছবি দেখে ৩০ বছর পর বাবাকে খুঁজে পেল সন্তানরা

আপডেট : ০৪ মে ২০১৯, ০৫:০৪ পিএম

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত এফের শিকদারের বাড়িতে এখন আনন্দ।

কারণ ৩০ বছর পর ছেলেরা খুঁজে পেয়েছে তার বাবাকে, স্ত্রী তার স্বামীকে। ওই ব্যক্তির নাম জবেদ শেখ।

মঙ্গলবার ওই বাড়িতে গেলে তার দুই ছেলে হাফেজ মুফতি মো. আবুল বাসার ও মাওলানা হাফিজুর রহমান ফিরোজ জানান, তাদের বাবা ছিলেন ওই গ্রামের একজন অত্যন্ত শান্ত ও সাদামাটা নরম স্বভাবের মানুষ।

তারা জানান, তাদের বাবার বয়স যখন ৩০-৩২ বছর তখন তিনি কাজের সন্ধানে বাড়িতে দুই মাসের খোরাক রেখে চট্টগ্রামে চলে যান।

'এর ছয় মাস পরে তার স্ত্রীর কাছে চিঠি লেখেন অর্থের সমস্যা হলে আত্মীয়দের কাছ থেকে ধারদেনা করে সংসার চালাতে'।

তখন তিনি শিগগিরই ফিরে আসার আশ্বাস দেন বলেও জানান তার দুই ছেলে।

তারা আরো জানান, এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি এবং কোনো যোগাযোগও রাখেননি। তখন বড় ছেলের বয়স মাত্র সাত বছর।

পরে চলতি মাসের ১৯ এপ্রিল রাঙামাটি জেলা সদরের রিজাব বাজার থেকে রহমত আলী নামের এক লোক ফেসবুকে জবেদ শেখের ছবি ও ঠিকানা লিখে একটি লেখা পোস্ট দেয়।

পিরোজপুরের ঝনঝনিয়া গ্রামের হাসান হাওলাদার ফেসবুকের ওই লেখাটি দেখে জবেদ শেখের ছোট ছেলে হাফিজুর রহমান ফিরোজকে বিষয়টি জানায়।

পরে ছেলেরা অসুস্থ ও অসংলগ্ন কথাবার্তা বলা অবস্থায় ব্যবসায়ী রহমত আলীর বাড়িতে গিয়ে জবেদ শেখকে নিয়ে আসেন।

ছেলেরা জানান, পরে ঢাকায় এনে চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়িতে নিয়ে আসেন তাদের বাবাকে।

বর্তমানে জবেদ শেখ স্বাভাবিক কথাবার্তা বলছেন ও অনেককে চিনতে পারছেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত