বহু বিতর্কের পরে অবশেষে ২৪ মে মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’। অভিনেতা বিবেক আনন্দ ওবেরয় এই সিনেমায় প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।
চলচ্চিত্রের প্রযোজক সন্দীপ সিং বলেন, ‘দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনেক আলোচনার পর এবং চলচ্চিত্র সম্পর্কে কৌতূহল ও উত্তেজনা দেখার পর আমরা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই অবিলম্বে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রযোজক সন্দীপ বলেন, ‘আমরা ২৪ মে আমাদের চলচ্চিত্রের মুক্তি ঘটাবো। ১৯ মে এই দেশে সাত দফার লোকসভা নির্বাচন শেষ হবে। তারপরে সিনেমার প্রচারের জন্য আমাদের হাতে থাকবে মাত্র চারটে দিন।’
সন্দীপ জানিয়েছেন, ‘আমি আশা করছি এখন আর কারো কোনও সমস্যা হবে না এবং আমরা আশাবাদী যে সিনেমার মুক্তি নিয়েও আর কোনও সমস্যা ঘটবে না।’
উল্লেখ্য ছবিটি মুক্তির কথা ছিল আগামী ১২ এপ্রিল। পরে নতুন করে তারিখ নির্ধারন করা হয় ৫ এপ্রিল।
ঠিক এই সময়েই সিনেমাটিকে বিপাকে ফেলল ‘পিএম নরেন্দ্র মোদী’র আসল মোদীর রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেস।
ভোটের মাঠে রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি এবং কংগ্রেস। আগামী লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক সিনেমা যাতে মুক্তি না পায়, সে জন্য নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছেন কংগ্রেস নেতারা।
