ফণী’র প্রভাবে সুগন্ধা ও বিষখালীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি

আপডেট : ০৪ মে ২০১৯, ০৯:৪০ পিএম

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

পানি ঢুকে পড়েছে নিম্নাঞ্চল। এতে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার নদী তীরবর্তী মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ফণীর প্রভাবে কাঠালিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাত থেকেই ঝড়ো হাওয়ার সাথে ভারী ও মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। পানির চাপে রাজাপুর ও কাঠালিয়া অংশের কয়েকটি স্থানে বিষখালির বেড়িবাধে ভাঙন দেখা দিয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় জেলায় ৭৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নদী তীরবর্তী কয়েকটি আশ্রয় কেন্দ্রে কিছু মানুষ আশ্রয় নিলেও অধিকাংশ আশ্রয় কেন্দ্রই ফাঁকা রয়েছে।

সরেজমিনে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বিষখালি নদীর পাড় সংলগ্ন মানকি সুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার জনশূন্য দেখা গেছে। জেলার সুগন্ধা ও বিষখালি নদীতে ছোট বড় নৌকা ও যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঝড়ো হাওয়ার কারণে একটি রেইনট্রি গাছ পড়ে রাজাপুর উপজেলার এছাহাকাবাদ ফাজিল মাদ্রাসার একটি টিনসেড ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত