মোদীর ৫ বছর সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক: মনমোহন সিংহ

আপডেট : ০৫ মে ২০১৯, ০৭:৫৮ পিএম

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছেন, নরেন্দ্র মোদীর গত পাঁচ বছর ভারতের ‘সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক’।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রবিবার এ কথা বলেছেন মোদীর বিরোধী দলীয় কংগ্রেসের হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মনমোহন সিংহ।

মনমোহন বলেছেন, দেশের যুব সম্প্রদায়, কৃষক, ব্যবসায়ী ও প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত ৫ বছরের কাজকর্ম হয়ে উঠেছে ‘সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক’। এ বার তাকে আমাদের বিদায় জানানো উচিত।

ভারতে এ বার ‘মোদী হাওয়া’ উঠেছে বলে সম্প্রতি যে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে উড়িয়ে দিয়ে প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘মানুষ ঠিকই করে ফেলেছেন, এই সরকারটাকে তাড়াতে হবে। কারণ, তারা বুঝে ফেলেছেন, এই সরকার দেশের আপামর মানুষের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে না। কী ভাবে ক্ষমতায় টিঁকে থাকতে হবে, শুধু সেই কথাই ভাবে। আর তার জন্য সমাজের মধ্যে বিভাজনের রাস্তা নিয়েছে।’

নোটবন্দিকে দেশের ‘সবচেয়ে বড় কেলেঙ্কারি’ বলে চিহ্নিত করে মনমোহনের অভিযোগ, গত ৫ বছরে দেশে দুর্নীতি  পৌঁছেছে এক ‘অকল্পনীয় মাত্রা’য়।

সম্প্রতি ঘটে যাওয়া পুলওয়ামা কাণ্ডের জন্য প্রধানমন্ত্রী মোদীর পাকিস্তান নীতি নিয়েও কটাক্ষ করেছেন মনমোহন,‘পুলওয়ামা কাণ্ডের পর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে হাজির না থেকে উনি (মোদী) জিম করবেট ন্যাশনাল পার্কে ফিল্মের শুটিংয়ে ছিলেন। এটা খুবই হতাশজনক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত