শুল্কমুক্ত সুবিধা পেতে যাচ্ছে কয়েকটি শিল্প

আপডেট : ০৫ মে ২০১৯, ১০:২৬ পিএম

রপ্তানি বাণিজ্য বাড়াতে কাঁচামাল আমদানিতে নতুন করে কয়েকটি শিল্পকে শুল্কমুক্ত বা বন্ড সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। রবিবার রাজধানীতে এক কর্মশালায় তিনি এ কথা জানান।

গণমাধ্যমে কর্মরত অর্থনৈতিক রিপোর্টারদের জন্য আয়োজিত ‘ইমপ্রুভ ট্রেড অ্যান্ড বন্ডেড ওয়্যারহাউজ পলিসিজ’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান। ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) এ কর্মশালার আয়োজন করে।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশে এখন একমাত্র তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা দেয়া হয়। তবে রপ্তানি খাত সম্প্রসারণে আগামীতে এগ্রো প্রসেসিং, চামড়াজাত পণ্য, পেপার, কেমিক্যালসহ কয়েকটি খাতকে এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।

এনবিআর চেয়ারম্যান বলেন, তৈরি পোশাক খাতে এতো প্রবৃদ্ধির পেছনে বন্ড সুবিধাসহ বিভিন্ন প্রণোদনার ভূমিকা রয়েছে। বর্তমানে দেশের মোট রফতানির ৮৫ ভাগ আয় আসে তৈরি পোশাক থেকে। পাশাপাশি সরকার অন্যান্য পণ্যের রফতানিও বাড়াতে চায়। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে এসব শিল্পকে বন্ড সুবিধা দিতে চায় সরকার।  

শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা আছে জানিয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বন্ড সুবিধা পেয়ে অনেক ব্যবসায়ী কাঁচামাল আমদানি করে দেশীয় বাজারে তা বিক্রি করে দিচ্ছে। এতে প্রকৃত উদ্যোক্তা যেমন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি সরকারও রাজস্ব হারাচ্ছে। তাই বন্ড সুবিধার অপব্যবহার রোধে কঠোর নজরদারি শুরু করেছে রাজস্ব বোর্ডের কাস্টম বন্ড কমিশনারেট। ইতোমধ্যে তারা ৫৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও স্থগিত করেছে। ভবিষ্যতে বন্ড সুবিধা দেওয়ার ক্ষেত্রে পুরো সিস্টেম অটোমেশনের আওতায় এনে মনিটরিং করার চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।

দেশের শতভাগ রফতানিমুখী প্রতিষ্ঠানকে কাঁচামাল আমদানিতে বন্ড (শুল্কমুক্ত) সুবিধা দেয় সরকার। তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা এখন এককভাবে এ সুবিধা ভোগ করছেন। তবে কিছুদিন যাবত অসাধু ব্যবসায়ীরা বন্ড সুবিধার অপব্যবহার করছে বলে একাধিকবার এনবিআররের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত