শপথ নেওয়ার এক মাসের মধ্যে উপজেলা পরিষদের দায়িত্ব নিয়ে সভা করতে হবে এমন বিধি থাকায় ১০ দিন আগেই ক্ষমতা ছাড়তে হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুজন ভাইস-চেয়ারম্যানকে।
জানা যায়, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম নির্বাচিত হন। গত ৮ এপ্রিল রংপুরে শপথগ্রহণ করেন তারা। নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণের এক মাসের মধ্যে প্রথম পরিষদ সভা করার বিধান থাকলেও উপজেলা পরিষদের বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হয়নি।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন হয় ২০১৪ সালের ১৬ এপ্রিল। ওই পরিষদে বিএনপি থেকে চেয়ারম্যান নির্বাচিত হন তৈমুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি সমর্থিত ফোরাতুন নাহার প্যারিস এবং জামায়াত থেকে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন আলমগীর হোসেন। তারা শপথ নেন ২০১৪ সালের ৮ মে এবং দায়িত্ব গ্রহণ করেন ওই বছরের ১৮ মে। সে অনুযায়ী ওই পরিষদের মেয়াদ থাকবে এ বছরের ১৭ মে পর্যন্ত। আর ঠাকুরগাঁও সদর উপজেলার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন হয় এ বছরের ১৮ মার্চ। নবনির্বাচিতরা ৮ এপ্রিল শপথগ্রহণ করেন। সে অনুযায়ী আইনি বাধ্যবাধকতায় নবনির্বাচিতদের ৭ মের মধ্যে দায়িত্ব নিয়ে ৮ মে প্রথম সভা করতে হবে। তাই বর্তমান পরিষদের ১০ দিন আগেই ক্ষমতা ছাড়তে হচ্ছে চতুর্থ উপজেলা পরিষদের নির্বাচিতদের।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান বলেন, যেহেতু নবনির্বাচিতরা শপথ নিয়েছেন, তাই মেয়াদ থাকলেও ক্ষমতা ছেড়ে দিতে হচ্ছে। প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষেই এ ছাড় দিতে হচ্ছে। ওই পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার বলেন, প্রথমে আমার আপত্তি ছিল। যেহেতু চেয়ারম্যান বিষয়টি নিয়ে আমাকে অনুরোধ করেছেন, তাই তার সম্মানে আর আপত্তি করিনি। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, আগের পরিষদের মেয়াদ থাকলেও আলোচনা সাপেক্ষে তারা বিদায় নিচ্ছেন। ৭ মে নতুন পরিষদ দায়িত্ব নিচ্ছে। আর ৮ মে প্রথম সভা।
