দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নেই অভিযোগ করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এ দেশের জনগণ এটা কোনো দিন মেনে নেয়নি। তারা গণতন্ত্রের জন্য আপসহীন আন্দোলন করেছে। মূলত জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের যে আকাক্সিক্ষত ভবিষ্যৎ, আমরা তা গড়ে তুলব। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় এ ব্যাপারে গণমাধ্যমের মুখ্য ভূমিকা আছে এবং তারা সেই ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, জনগণকে নিষ্ক্রিয়ভাবে বসে থাকলে চলবে না। তাদের সক্রিয়ভাবে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। জেলায় জেলায় থানায় থানায় সংগঠিত হয়ে নিজের অধিকারকে ফিরিয়ে আনার জন্য সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে সোচ্চার হয়ে আমরা আন্দোলন সংগ্রম করে যাব। তিনি বলেন, জনগণকে আমরা এই প্রতিশ্রুতি দিতে চাই যে, আমরা এ ব্যাপারে সক্রিয়ভাবে অবশ্যই ঝুঁকি নেব। অতীতে আমরা সফল হয়েছি। এই আন্দোলনেও আমরা সফল হব, এটা আমরা বিশ্বাস রাখি। এই প্রতিশ্রুতি আপনাদের দিয়ে বলতে চাই, আসুন আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হন, যে লক্ষ্যগুলো আমরা তুলে ধরেছি, সেগুলো সামনে রেখে জনগণকে আরও সুসংহত করে ইনশাল্লাহ জনগণই ক্ষমতার মালিক হবে। আমাদের স্বপ্নের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারব।
×
