উইন্ডিজের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন মাশরাফী

আপডেট : ০৬ মে ২০১৯, ০৮:৩৫ পিএম

ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে নিজেদের মিশন শুরুর প্রত্যয়ের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কেননা সোমবার সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯৬ রানের বিশাল জয় তুলে নেয় ক্যারিবীয়রা। দুই ওপেনার জন ক্যাম্পবেল ও শাই হোপ উদ্বোধনী জুটিতে গড়েন ৩৬৫ রানের বিশ্ব রেকর্ড।

অন্যদিকে একই দিন আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মোটেও ভালো করতে পারেনি টাইগাররা। হেরেছে ৮৮ রানে। এদিকে কন্ডিশনও বাংলাদেশের পক্ষে নেই। হাড় কাঁপানো ঠান্ডা ভোগাচ্ছে টাইগারদের। সব মিলে বাংলাদেশের জন্য বড় পরীক্ষাই অপেক্ষা করছে ম্যাচটিতে।

ম্যাচের আগে সোমবার বাংলাদেশি সাংবাদিকদের মাশরাফী বললেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার আছে, আমরা জানি যে যারা ওয়ান হান্ড্রেড (সেঞ্চুরির সামর্থ্য বোঝাতে) ম্যাচ খেলতে পারে। শাই হোপ হালে। বাংলাদেশেও আমরা ওর বিপক্ষে স্ট্রাগল করেছি। ও খুব ভালো ফর্মে আছে। ব্রাভো আছে। আরো কিছু খেলোয়াড় আছে যারা ভালো। ওদের পেস আক্রমণটাও ভালো।’’

ক্যারিবীয়দের জয় ও নিজেদের হারের প্রসঙ্গে টেনে মাশরাফী বললেন, ‘‘কালকে ওরা খুব ভালো একটা ম্যাচ খেলেছে। আমরাও প্র্যাকটিস ম্যাচটা হেরেছি। আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ হলো কালকের ম্যাচ যখন খেলেছি কাজগুলো এক্সিবিশন করা।’’

প্রস্তুতি ম্যাচে হারলেও সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে প্রভাব পড়বে না বলেই জানালেন মাশরাফী, ‘‘নির্ভর করছে মানসিকভাবে আমরা কালকে কেমন থাকি। আমার মনে হয় না এগুলো চিন্তা করে মাঠে নামার দরকার আছে। এই সব উইকেটে কেমন ব্যাটিং করতে হবে আমার কাছে মনে হয় ব্যাটসম্যানরা সেটা বুঝেছে। বোলিংটাও আপ টু দা মার্ক ছিল না। এগুলো ঠিক করতে হবে।’’

ত্রিদেশীয় সিরিজে ট্রফি জয়ই বাংলাদেশের লক্ষ্য। আর সেই মিশনে প্রথম ম্যাচটাতে আপাতত চোখ মাশরাফীর, ‘‘কালকের ম্যাচটা যদি ভালো খেলে বেরোতে পারি তাহলে আমরা সামনে এগোতে পারব। প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত