ক্রিকেটে ভারত ও পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি এক আকর্ষণ। আর বিশ্বকাপে এই দুদলের খেলা হলে সেটা হয়ে ওঠে অন্যতম বড় ম্যাচ। জুনের ১৬ তারিখ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তাই এই ম্যাচের টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি। ক্রিকেট ল্যাঙ্কাশায়ার জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে শেষ হয়। বেশি টিকিট কিনেছে ভারতীয় সমর্থকরা। ল্যাঙ্কাশায়ারের করপোরেট সেলস ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ড্যান হোয়াইটহেড মনে করেন, ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা ছাড়িয়ে যাবে ভারত-ইংল্যান্ড ম্যাচকেও। তিনি বলেন, ‘এটি অবশ্যই অনেক বড় কিছু হবে। গত বছর যখন এখানে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল দিনটি ছিল দারুণ এবং গ্যালারি ছিল ভারতীয় সমর্থকে ভরপুর।’
