কারা হেফাজতে আগুনে পুড়ে আইনজীবী পলাশ কুমার রায়ের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন সোমবার এ রিট আবেদনটি করেন। তিনি জানান, মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে।
কোহিনুর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের দায়েরকৃত একটি মামলা প্রত্যাহারের দাবিতে গত ২৫ মার্চ পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন শুরু করেন আইনজীবী পলাশ কুমার রায়। এরপর পলাশ সেখান থেকে শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন সড়কে অবস্থান করে হ্যান্ড মাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে কটূক্তি করেন। পরে তাকে পুলিশে তুলে দেন স্থানীয় কয়েকজন। ওই দিন তার বিরুদ্ধে রাজীব রানা নামে একজন মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত ২৬ এপ্রিল হাসপাতালের টয়লেট থেকে অগ্নিদগ্ধ অবস্থায় দৌড়ে বের হয়ে আসেন পলাশ। ওই সময় তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।
গত ৩০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
