গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতিকে এক ব্যক্তির শাসন থেকে মুক্ত করতে হবে। কারণ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় বাক-ব্যক্তি স্বাধীনতা ও আইনের শাসন থাকে না।
তিনি বলেন, দুর্নীতি-দলীয়করণ-লুটপাট অগ্রগতিকে বাধাগ্রস্ত করে, অর্থনীতিসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গ্রাস করে, সমাজ-সভ্যতাকে ধ্বংস করে।
মঙ্গলবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পুনর্গঠিত স্থায়ী পরিষদের সভায় এসব কথা বলেন ড. কামাল।
তিনি আরও বলেন, সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। জনগণই দেশের মালিক, তাই জনগণকে ঐক্যবদ্ধ করেই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
গণফোরাম সভাপতি বলেন, গণফোরাম নেতাকর্মীদের জনগণের সমস্যাসহ নানাবিধ সমস্যা চিহ্নিত করে তৃণমূল সংগঠন গড়ে তুলে জনগণকে ঐক্যবদ্ধ করে স্বৈরতন্ত্রবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদের সদস্য মোকাব্বির খান এমপি, শফিক উল্লাহ, আবদুল বাতেন খান, অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম।
