হাওরের বাঁধে দুর্বৃত্তের হানা তলিয়ে গেছে ধানক্ষেত

আপডেট : ০৮ মে ২০১৯, ০১:০৩ এএম

সোমেশ্বরী, কংশ, গোমাই ও উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোড়াডোবা হাওরের বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার বড়খাপন ইউনিয়নের ধানিজমি তলিয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোররাতে মধ্যনগর ইউনিয়নের মৎস্যচাষিরা বাঁধটি ভেঙে দিয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।

এদিকে উপজেলার বড়খাপন ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম হাদিছুজ্জামান হাদিছ জানান, কলমাকান্দার সদর, বড়খাপন ও পোগলা এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর এই চারটি ইউনিয়ন নিয়ে প্রায় ৩১ কিলোমিটার উব্দাখালী প্রকল্পটি নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড পিআইসির মাধ্যমে কাজটি সম্পন্ন করেছে। এর মধ্যে মধ্যনগর অংশের বাঁধ ভেঙে যাওয়ায় কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের ফসলি জমি তলিয়ে গেছে। মহিষাসুরা হাওর, মেদামারা বিল, জাঙ্গিয়া বিলসহ নিচু এলাকায় পানি প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

কলমাকান্দার কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, বড়খাপন ইউনিয়নের হাওরের ধান কাটা প্রায় শেষের দিকে। এরই মধ্যে হাওরের প্রায় ৯২ শতাংশ ধান এরই মধ্যে কাটা হয়েছে এবং তা চলমান রয়েছে। জমিতে পানি ঢোকার ফলে কৃষকরা যন্ত্র দ্বারা ধান কাটতে পারছেন না। যদি পানি আরও বাড়ে, সে ক্ষেত্রে অনেক কৃষকই ধান কেটে ঘরে তুলতে পারবেন না। এতে উপজেলার প্লাবিত এলাকার প্রায় ২০ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘দুষ্কৃতকারীরা কলমাকান্দা উপজেলার পাশের উপজেলার মধ্যনগর অংশের বাঁধটি ক্ষতিগ্রস্ত করেছে। এতে মৎস্য ব্যবসায়ীদের হাত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানার পর জেলা প্রশাসককে অবগত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত