সিডনি চলচ্চিত্র উৎসবে ফারুকীর ‘শনিবার বিকেল’

আপডেট : ০৮ মে ২০১৯, ০২:০২ পিএম

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ অংশ নিতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ তথা ‘স্যাটারডে আফটারনুন’। ‘অফিশিয়াল সিলেকশন’ উল্লেখ করে খবরটি সোশ্যাল মিডিয়ায় জানান নন্দিত নির্মাতা।

ফারুকী জানান, ১০ ও ১৩ জুন সিডনির ডেন্ডি অপেরা সিনেমা ওয়ানে ‘শনিবার বিকেল’-এর প্রদর্শনী হবে। পাশাপাশি থাকছে ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার উপস্থিতিতে প্রশ্ন-উত্তর পর্ব।

এর আগে ২০১৩ সালে একই উৎসবে প্রদর্শিত হয় ফারুকীর ‘টেলিভিশন’।

মাস খানেক আগে রাশিয়ায় ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কার পেয়েছে ‘শনিবার বিকেল’। একটি হলো রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার ও অন্যটি কমেরসান্ত পুরস্কার।

বিদেশের মাটিতে পরপর প্রদর্শিত হলেও ‘শনিবার বিকেল’-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেই তথ্য উল্লেখ রয়েছে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের ওয়েবসাইটে। পাশাপাশি জানানো হয়, ঢাকার হলি আর্টিজান হোটেলে জঙ্গি হামলার ঘটনা থেকে সিনেমাটি নির্মিত হয়েছে।

তিশা ছাড়াও ‘শনিবার বিকেল’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী; ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ অনেকে।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আবদুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত