অস্ট্রেলিয়ার জার্সিতে স্মিথের ছন্দে ফেরার ইঙ্গিত

আপডেট : ০৮ মে ২০১৯, ০৪:৫৩ পিএম

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরেছেন। প্রথম ম্যাচটা ভালো কাটেনি সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দিলেন ছন্দে ফেরার ইঙ্গিত।

বুধবার অস্ট্রেলিয়া একাদশের হয়ে ৭৭ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন স্মিথ। তবে স্মিথের ছন্দে ফেরার ম্যাচে ব্যর্থ ডেভিড ওয়ার্নার। ৬ বলে খেলে শূন্য রানেই ফেরেন তিনি। ব্রিসবেনে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচটাও ৭ উইকেটে হেরেছে অজিরা।

স্মিথের ইনিংসের সঙ্গে উসমান খাজা ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ফিফটি। ৫৬ রানের ইনিংস খেলেন খাজা। ম্যাক্সওয়েল খেলেন ৫২ রানের ইনিংস। আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া।

জবাবে ৪৭.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে নিউজিল্যান্ড একাদশ। ১৩০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন উইল ইয়ং। জর্জ ওয়ার্কার ৫৬ রান করেন। এ ছাড়া টম ল্যাথামের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৯।

প্রথম প্রস্তুতি ম্যাচটিতে কষ্টার্জিত জয় পেয়েছিল অজিরা। আর এ ম্যাচে তো হারতেই হলো। তুলনায় নিউজিল্যান্ড একাদশের প্রস্তুতিটাই দারুণ হলো, সেটি বলতেই হবে। দুই দল আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

প্রথম প্রস্তুতি ম্যাচটি স্মিথ ও ওয়ার্নারের জন্য ছিল অন্যরকম। নিষেধাজ্ঞা শেষে অস্ট্রেলিয়ার জার্সিতে সেদিনই প্রথম মাঠে নেমেছিলেন। হোক না প্রস্তুতি ম্যাচ। এই দুজনের দিকে সবার নজর ছিল আলাদা করে।

সেদিন ৩৯ রান করেছিলেন ওয়ার্নার। আর স্মিথের ব্যাট থেকে আসে ২২ রান। স্মিথ মোটেও প্রথম ম্যাচে ছন্দে খেলতে পারেনি। এদিন তার ৪টি করে চার ও ছক্কায় সাজানো ইনিংস স্বস্তির দেবে ভক্তদের।

তবে ওপেনিংয়ে ফিরে ওয়ার্নারের ব্যর্থ হওয়াটা ভক্তদের জন্য চিন্তার কারণ হয়েই থাকবে। যদিও আইপিএলে দুর্দান্ত সময় পার করেই অস্ট্রেলিয়া দলে ঢুকেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত