বরকলে সহকর্মীর ছুরিকাঘাতে নির্মাণশ্রমিক খুন

আপডেট : ০৮ মে ২০১৯, ১০:৪০ পিএম

রাঙ্গামাটির বরকল উপজেলায় সহকর্মীর ছুরির আঘাতে আপ্রুসে মারমা (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ক্যাজারি চাকমা (৩০) নামে আরেক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের দুজনের বাড়ি বরকল সদর ইউনিয়নের কেয়াংপাড়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েক দিন আগে কেয়াংপাড়ার মৃত চাইলং মারমার ছেলে আপ্রুসে মারমা উপজেলার সীমান্তবর্তী ভূষণছড়া ইউনিয়নের ঠেগামুখ জনশক্তি বৌদ্ধ বিহারের নতুন ভবন নির্মাণে চুক্তি করে। বৌদ্ধ বিহারটি নির্মাণের জন্য আপ্রুসে মারমা তার সহকারী হিসেবে দৈনিক মজুরিতে ক্যাজারি মারমা মংমংচাই মারমাসহ পাঁচজনকে নিয়ে কাজ করতে যায়। এদের মধ্যে একজন মংমংচাই মারমা আগাম মজুরির টাকা নিয়ে কাজে গেলেও কাজ না করে মদ পান করে থাকত।

এ ব্যাপারে মংমংচাই মারমার সঙ্গে আপ্রুসে মারমার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে মঙ্গলবার রাত ৯টার দিকে খাওয়া-দাওয়া সেরে ঘুমানোর সময় হঠাৎ মংমংচাই মারমার (৩২) হাতে থাকা ছুরি দিয়ে আপ্রুসে মারমাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আপ্রুসে মারমার। ঘটনার পর মংমংচাই মারমা পালিয়ে যায়। মংমংচাই মারমা বরকল সদরের কেয়াংপাড়ার কার্বারি মংহ্লাচিং মারমার বড় মেয়ের জামাই। তার বাড়ি বান্দরবান জেলায়।

বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আপ্রুসে মারমার লাশ ও আহত ক্যাজারি মারমাকে উদ্ধার করে নিয়ে আসে। তিনি আরো জানান, থানায় মংমংচাই মারমার বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহত আপ্রুসে মারমার বড় ভাই মংহ্লাপ্রু মারমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত