লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আর ১৭ আসনে ভোট বাকি। এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বিষোদগার করলেন বলে জানিয়েছে এনডিটিভি। মোদির গলায় ঘণ্টা বাঁধতে হবে বলে গতকাল বুধবার মেদিনীপুরের এক র্যালি থেকে মন্তব্য করেন মমতা।
এ সময় তিনি বলেন, ‘দেশে জরুরি অবস্থার মতো সময় চলছে। কেউ ভয়ে কিছু বলতে পারছে না। এই সন্ত্রাস আর ফ্যাসিবাদ বন্ধ করতে হবে।’ এর আগে গত মঙ্গলবার আরেক র্যালিতে তিনি বলেছিলেন, মোদিকে গণতান্ত্রিক উপায়ে চড় মারতে হবে।
মমতার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদিও বাংলায় তৃণমূলকে তোলাবাজ বলেন। ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহ মমতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী আর মোদি একটি দেশের প্রধানমন্ত্রী। আগামীতে আপনাকে তার সঙ্গে কথা বলতে হবে।’
ভারতে লোকসভা নির্বাচনের আর মাত্র বাকি দুই ধাপ। এই দুই ধাপের নির্বাচনের পর ২৩ মে ফলাফল ঘোষিত হবে।
