গরুর মাংস বহনকালে বাবা-ছেলেকে বিএসএফের ‘নির্যাতন’

আপডেট : ০৮ মে ২০১৯, ১১:১৪ পিএম

ভারতে এবার ব্যাগে গরুর মাংস পাওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নির্যাতিত হয়েছেন পিতা-পুত্র। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী বাবা গিয়াসউদ্দিন (৬২) ও ছেলে আনোয়ারুলকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

দেশটির বিকল্প ধারার সংবাদমাধ্যম ক্যারাভান জানায়, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। বুধবার স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ করেছে।

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গত রোববার গরুর মাংস পাওয়ার অজুহাতে বিএসএফ জওয়ানরা হলেন ব্যাটালিয়ন ১৭১ ক্যাম্পের সদস্যদের হাতে তারা নিগৃহীত হন।  

পত্রিকাটি জানায়, সদ্য বিবাহিত ছেলের শ্বশুর বাড়ি থেকে অতিথি আসবেন বলে পিতা-পুত্র মিলে বাজারে কেনাকাটা করতে যান। বাজার থেকে ফেরার পথে বিএসএফের সদস্যরা তাদের থামিয়ে তল্লাশি চালিয়ে গরুর মাংস পাওয়ায় ক্যাম্পে ধরে নিয়ে যায়। সেখানে তাদের ব্যাপক মারধর করা হয়। ক্যাম্প থেকে ছাড়া পাওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পিতা-পুত্র স্থানীয় গোয়ালপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রসঙ্গত, এত দিন ভারতে হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের হাতে গরু বিক্রি বা জবাইয়ের কারণে অর্ধশতাধিক মুসলিম হত্যার শিকার হলেও কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ আগে কখনো পাওয়া যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত