মাদক সেবনকে কেন্দ্র করে কুমিল্লা সদরে আকাব্বর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে কসাই আলম (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা গণপিটুনি দিলে কসাই আলমেরও মৃত্যু হয়।
বুধবার রাত ৭টায় কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃদ্ধ আকাব্বরকে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কসাই আলমকে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা পিটুনি দিলে আহত কসাই আলম রাত পৌনে ৯টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
বালুতুপা এলাকায় নিহত আকাব্বরের বোনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন একই এলাকার মো. হালিম মিয়ার ছেলে কসাই আলম। বালতুপা বাজারে কসাই হিসেবে গরুর মাংসের দোকানে কাজ করতেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, আকাব্বর তার ছোট বোন ভানুর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতেন। ওই বাড়িতে আলম ভাড়াটিয়া হিসেবে বাস করে আসছিলেন। কিছুদিন আগে বাড়িতে মাদক সেবনের কারণে কসাই আলমকে বকাবকি করেন বৃদ্ধ আকাব্বর।
সেই ঘটনার পর আকাব্বরের সঙ্গে আলমের সম্পর্কের অবনতি হয়। বুধবার সন্ধ্যায় ইফতারের পর এক জানাজা অংশগ্রহণ শেষে বাড়িতে ফেরার পথে বৃদ্ধ আকাব্বরকে প্রথমে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়।
পরে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে কসাই আলম। বৃদ্ধ আকাব্বরকে খুন করে পালিয়ে যাওয়ার সময় কসাই আলমকে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
এ ঘটনায় বালতুপা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি ( তদন্ত ) মো. সালাহ উদ্দিন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
