তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে জাহিদ-বাবুর চলচ্চিত্র

আপডেট : ০৯ মে ২০১৯, ১০:০৭ এএম

আবুল বাশারের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ভারতীয় ছবি ‘সিতারা’। ১৯৮০ এর দশকের কাহিনিতে অভিনয় করেছেন বাংলাদেশের জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবু। আর প্রধান নারীর ভূমিকায় আছেন রাইমা সেন।

সেই ছবিই মুক্তি পেতে চলেছে তামিল ও তেলুগু ভাষাতে। এক প্রতিবেদনে খবরটি প্রকাশ করে ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলা সংস্করণ।

‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে ‘সিতারা’ তৈরি করেছেন আশিস রায়। ছবিতে এমন এক মেয়ের কথা বলা হয়েছে যে ভালোবাসতে জানে, জানে ধৈর্য ধরতে। সমস্ত বাধা অতিক্রম করে সে পারে জীবনের পথে চলতে।

বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে পোশাক পাচার হয় পশ্চিমবঙ্গে। তিস্তা নদীকে কাজে লাগিয়ে কীভাবে পোশাক শিয়ালদহ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় তাই দেখানো হয়েছে ছবিতে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের জীবনযাত্রা। গৃহবধূরা এই পেশায় এসে দেহব্যবসায় যুক্ত হয়ে পড়ে। এ রকমই একজন সিতারা, যার চরিত্র করেছেন রাইমা।

ছবিতে আরও দেখা যাবে মেঘনা নাইডুকে, তার চরিত্রের নাম লক্ষ্মণা। আর রাজনৈতিক নেতার ভূমিকায় রয়েছেন সুব্রত দত্ত।

বছর দেড়েক আগে জলপাইগুড়ি ও কোচবিহারে ‘সিতারা’র শুটিং হয়। ৩১ মে তামিল ও তেলুগুতে মুক্তি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত